কারখানার ইফতারি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ঈশ্বরদীর মুনশিদপুরে কারখানায় খাবার খেয়ে অসুস্থ শিশু সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
পাবনার ঈশ্বরদীতে ‘বিডি ক্রিয়েশন’ নামে একটি পাপোশ ও হস্তশিল্প কারখানায় ইফতারের খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকার ওই প্রতিষ্ঠানে ইফতারির কিছুক্ষণ পর এই গণ-অসুস্থতার ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে অধিকাংশই নারীশ্রমিক।
কারখানার শ্রমিকরা জানান, রমজান উপলক্ষে প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় প্রায় ৪০০ শ্রমিকের জন্য ইফতারের আয়োজন করে কর্তৃপক্ষ। ইফতারের মেন্যুতে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ ও খাবার স্যালাইন। খাবার খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যেই শ্রমিকদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা, জ্বালাপোড়া ও মাথা ঘোরানোর উপসর্গ দেখা দেয়। অনেকে কারখানার ভেতরেই লুটিয়ে পড়েন।
অসুস্থ শ্রমিক জাহানারা খাতুন বলেন, ‘ইফতার খাওয়ার পরেই পেট কামড়ানো আর বমি শুরু হয়। অনেকের তো শ্বাসকষ্টও হচ্ছিল।’
অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত ১০টা পর্যন্ত ৩৫ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। আমরা রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছি, বর্তমানে অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
কারখানার এমডি মোস্তফা আহমেদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিনের মতো ইফতারের আয়োজন করা হয়েছিল। হঠাৎ কেন এমন হলো আমরা বুঝতে পারছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘বিষয়টি তদন্ত করতে ডিবি ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তদারকি করছি যেন শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থদের খোঁজখবর নিয়েছেন।
- বিষয় :
- ইফতার
