দেশের মানুষ খাদ্য সংকটে পড়বে না: কৃষিমন্ত্রী
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৭:২১
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। দেশের কোনো মানুষ খাদ্য সংকটে পড়বে না, এমন নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে।
বুধবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়া হবে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হন।
আমিন উর রশীদ বলেন, নির্বাচনের আগে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। অনেকেই মনে করেছিলেন এসব প্রতিশ্রুতি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই সেগুলো বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে যাচ্ছেন, বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। শুরুতে এসব উদ্যোগ নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু আমাদের দল ক্ষমতায় আসার পর বাস্তবে তা কার্যকর করা হচ্ছে।
কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি খাতে প্রণোদনা, সহায়তা এবং ঋণ সুবিধা সহজীকরণের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে কৃষকদের কৃষিঋণ মওকুফ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিয়াজ মাহমুদ সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
