ছেলেকে তুলে নিয়ে গলায় ছুরি ধরে টাকা আদায়
জীবননগরে সহযোগীসহ বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৮:০৯
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ ছেলেকে অপহরণের অভিযোগে আজিজুল হক (২৮) নামের এক ব্যক্তিকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পাকা দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আজিজুল তার ছেলে সিয়াম হোসেনকে (৮) অপহরণ করে স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার মুরারিকাটি গ্রামের বাসিন্দা। তিনি জীবননগরের আন্দুলবাড়ীয়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার সঙ্গে গ্রেপ্তার মো. আক্তার হোসেন (২৬) জীবননগরের ঘুগরাগাছির বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজুল তার সহযোগীকে নিয়ে নিজ ছেলে সিয়ামকে অপহরণ করেন। পরে শিশুটিকে নির্জন বাগানে নিয়ে বেঁধে রাখেন। তার হাত বাঁধা অবস্থায় গলায় ধারালো হাঁসুয়া ধরে ছবি তুলে ভারতে অবস্থানরত সিয়ামের মায়ের কাছে পাঠান আজিজুল। জীবিত অবস্থায় শিশুটিকে ছেড়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বাধ্য হয়ে শিশুটির মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের ১০ হাজার ৩০০ টাকা পাঠান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজিজুল কোনো কাজ করেন না। সংসারে সচ্ছলতা আনতে জীবিকার সন্ধানে তার স্ত্রী ভারত গেছেন। নেশাসহ বিভিন্ন কারণে স্ত্রীর কাছে প্রায়ই টাকা দাবি করতেন আজিজুল। সম্প্রতি স্ত্রী টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন।
জীবননগর থানার ওসি সোলায়মান সেখ বলেন, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাবা আজিজুল হক ও তার সহযোগী আক্তার হোসেনকে।
- বিষয় :
- বাবা-ছেলে
- অপহরণ
- জীবননগর
- চুয়াডাঙ্গা
