ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলোচিত শারফিন টিলার পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ৬

আলোচিত শারফিন টিলার পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ৬
×

জব্দ করা পাথর

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৯:২৭

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্ধ থাকা আলোচিত পাথর কোয়ারি শারফিন টিলায় পাথরখেকোদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় পাথরসহ ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। 

উদ্ধার হওয়া পাথরের পরিমাণ ৭ হাজার ঘনফুট। এছাড়া ২৩০ ঘনফুট বালুও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি এ যৌথ অভিযান পরিচালনা করে।

আলোচিত শারফিন টিলা পাথর কোয়ারি বিরাণভূমিতে পরিণত করায় অনেক আগেই সেটি সরকারি গেজেট থেকে বাদ দেওয়া হয়। পরে কোয়ারির বাইরে অবশিষ্ট শারফিন টিলাসহ আশপাশ এলাকার ভূমি ধ্বংস করে পাথর উত্তোলন শুরু করে একাধিক চক্র। গত দুই বছরে সেই এলাকাটিও বিরানভূমিতে পরিণত হয়েছে। বারবার অভিযান চালিয়েও পাথরখেকোদের ঠেকানো যায়নি। 
গত এক বছরে অভিযানের সময় কমপক্ষে ৫-৬ বার পুলিশের উপরই হামলা করা হয়। কখনও পুলিশ কিংবা বিজিবি; কখনও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পাথর উত্তোলন চলে আসছে। গত দুই বছরে সেখান থেকে কম হলেও ২০০ কোটি টাকার পাথর লুট করা হয়েছে। 

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির উপাধিনায়ক মেজর নুরুল হুদা জানিয়েছেন, পৃথক অভিযানে ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর তারা জব্দ করেছেন। 

আরও পড়ুন

×