রৌমারী-চিলমারী নৌরুট
নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে ঈদে ঘরমুখো ২০ জেলার যাত্রী
রৌমারী-চিলমারী নৌরুট
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ২০:২২ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ২০:২৪
বহু প্রতীক্ষা আর দীর্ঘ আন্দোলনের পর চালু হয়েছিল কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। কিন্তু নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রৌমারী-চিলমারী নৌপথে ফেরি চলাচল। নদের ওপারে বালুতে দাঁড়িয়ে আছে দুটি ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’। ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে নৌকায় ঝুঁকি নিয়ে নদ পার হচ্ছেন যাত্রীরা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সঙ্গে বাড়ছে দুর্ঘটনার শঙ্কাও।
সংশ্লিষ্ট সূত্র জানায়,২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বহু আন্দোলন ও দাবির মুখে ব্রহ্মপুত্র নদে চালু হয় রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস। উদ্বোধনের দিন নদের দুই পাড়ে ছিল উৎসবের আমেজ। কারণ এই রুট চালু হলে উত্তরাঞ্চলের প্রায় ২০ জেলার মানুষের ঢাকা যাতায়াতের দূরত্ব কমে আসার কথা ছিল প্রায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। কিন্তু শুরু থেকেই নাব্য সংকটে বারবার ব্যাহত হয়ে পড়ে ফেরি চলাচল। শেষ পর্যন্ত গত বছরের ১৯ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই গুরুত্বপূর্ণ নৌরুটের ফেরি চলাচল।
ঈদের এ সময়ে ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নন, বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ঘাটকেন্দ্রিক হোটেল, দোকানসহ ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আয় কমে গেছে আশঙ্কাজনকভাবে। অনেকের সংসারে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া।
ঢাকা থেকে আসা যাত্রী আশরাফুল হক বলেন, ‘ফেরিতে ভাড়া ৫০ টাকা, আর নৌকায় ১০০ টাকা হলেও ঈদে ২০-৫০ টাকা বাড়তি নেয় এবং সময়ও বেশি লাগে।’
আরেক যাত্রী সুমন মিয়া বলেন, ‘আমি নৌকায় নদ পাড় হলাম, সময় লাগল ৪ ঘণ্টা। আর আমার মোটরসাইকেলের জন্য ২৫০ টাকা নিয়েছে। ফেরিতে এমনটা নিতো না, এই ঈদে বাড়তি টাকা নেওয়া মানে পকেট কাটা।’
স্থানীয় হোটেল ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, ‘ফেরি চালু থাকলে প্রচুর লোক হয় ঘাটে। আর নৌকার জন্য যাত্রী কম, এতে ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে।’
বিআইডব্লিউটিএ চিলমারীর সহকারী পরিচালক পুতুল চন্দ্র রায় বলেন, ‘ব্রহ্মপুত্র নদে দ্রুত ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি আবারও ফেরি সার্ভিস স্বাভাবিক করার জন্য আমরা কয়েকবার চিঠি দিয়েছি মন্ত্রণালয়ে।’
- বিষয় :
- কুড়িগ্রাম
- নৌরুট
- ফেরি চলাচল বন্ধ
