ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি: ডেপুটি স্পিকার

সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি: ডেপুটি স্পিকার
×

ছবি: সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ২১:১০

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।’

রোববার দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।

ডেপুটি স্পিকার সাংবাদিকদের সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন। আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবে।’

ব্যারিস্টার কায়সার কামাল অবৈধ দখলের তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের সম্পদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করলে তা মেনে নেয়া হবে না।’

তিনি বলেন, ‘আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।’

এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী ও মহাদেও নদীর ওপর মেগা সেতুর ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাই চলছে। অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন বন্ধ করে পরিবেশবান্ধব ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ।

আরও পড়ুন

×