মিঠামইনের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু মারা গেছেন
আব্দুল হক নূরু
মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ২২:২৭ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ০০:৩৫
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি।
রোববার বিকেল ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল হক নূরুর স্ত্রী আবেদা জাহান তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘ ২২ বছর ধরে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিগত ৫ আগস্টের পর মিঠামইনে বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।
আবেদা জাহান জানান, ধানমন্ডির পপুলার হাসপাতালে মারা যান আব্দুল হক। আগামীকাল বাদ জোহর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজার পর কামালপুর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
জানা যায়, তাঁর মরদেহ আজ সিএমএইচে রাখা হবে এবং আগামীকাল সাড়ে ১২টায় হেলিকপ্টার যোগে মিঠামইন নেওয়া হবে।
১৯৫৭ সালের ৫ নভেম্বর মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্ম নেন আব্দুল হক নূরু। তিনি আবদুল হক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন।
শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী এই বীর মুক্তিযোদ্ধা নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মিঠামইন কলেজ। তিনি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেন। মিঠামইন কলেজটি পরবর্তীতে তাঁর নাম মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ নামকরণ হয়। তিনি মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
- বিষয় :
- মিঠামইন
- আওয়ামী লীগ
- মৃত্যু
