দোহারে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি-সমকাল
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ০৩:৩৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ০৩:৩৫
ঢাকার দোহারে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার ডাইয়াগজারিয়া এলাকার আব্দুল গনি মিয়ার স্ত্রী সালমা বেগম (৬০)।
নিহতের স্বামী আব্দুল গনি মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই আব্দুল মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রোববার কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই আব্দুল মান্নান, তার ছেলে আব্দুস সালাম, ভাতিজা জোবায়ের ও চাতক আক্তার মিলে তাকে মারধর করে। এসময় আব্দুল গনির আত্মচিৎকারে তার স্ত্রী সালমা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে বৃদ্ধা সালমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সালমা বেগমের ভাই ইদ্রিস আলী খান বলেন, আমার বোনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গেলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে।
