ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ২ রেলকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লায় রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ২ রেলকর্মীর বিরুদ্ধে মামলা
×

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাস। ছবি: সমকালের ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১৭:০৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১৮:৫৫

কুমিল্লার পদুয়ার বাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় ১২ বাস যাত্রী নিহত ও অন্তত ১৫/২০ জন যাত্রী আহতের ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে লাকসাম জিআরপি থানায় মামলাটি দায়ের করেন শেফালী আক্তার নামের আহত এক বাসযাত্রী। মামলায় বরখাস্ত হওয়া গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করা হয়েছে। মুঠোফোনে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার। 

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও আহতদের সহায়তায় কম সময়েই রোববার দুপুরের মধ্যেই দুর্ঘটনায় নিহত ১২ বাস যাত্রীর মরদেহ শনাক্ত করা সম্ভব হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সবার মৃত্যুর সনদ দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এদিকে, হাসপাতাল ও পুলিশ থেকে পাওয়া তালিকা অনুসারে নিহত ১২ জনের মরদেহের মধ্যে লাইজো আক্তার ও তার দুই কন্যা সন্তান খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪) এর মরদেহ নেওয়া হয় লহ্মীপুর জেলার রামগতি উপজেলার কমলনগরে। লাইজোর স্বামী পিন্টু আজ দুপুরে সমকালকে জানান, ৩ জনের মরদেহ তার শ্বশুর বাড়িতে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। 

এছাড়াও অপর ৯ জনের মরদেহের মধ্যে বাবুল চৌধুরীর মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ী, সোহেল রানার চুয়াডাঙ্গার জীবননগর, সিরাজুল ইসলামকে যশোরের চৌগাছা, কোহিনুর আক্তারকে যশোরের চৌগাছা, নজরুল ইসলাম রায়হানকে নোয়াখালী সদর, সাইয়েদাকে লহ্মীপুর সদর, জুয়াদ বিশ্বাসকে ঝিনাইদহ সদর, ফসিয়ার রহমানকে মাগুরার মোহাম্মদপুর এবং তাজুল ইসলামকে চাঁদপুরের কচুয়ায় নিয়ে সমাহিত করা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একাধিক সূত্র বলছে, ঈদের দিন ওই রাতে রেলগেটে রেলওয়ের কোনো কর্মীই ছিলেন না। এতে রেল গেটের দুই পাশের প্রতিবন্ধক দেখতে না পেয়ে বাসটি দ্রুত গতিতে লেভেল ক্রসিংয়ে উঠে গিয়ে ট্রেনের মুখে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ঘটনাস্থলে এসেই একই মন্তব্য করেন এবং দুই রেলওয়ে কর্মীকে বরখাস্তের কথা গণমাধ্যমে নিশ্চিত করেন। তবে তদন্তের আগে কুমিল্লায় রেলওয়ে স্টেশনে কর্মরত কেউ এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

এ ঘটনায় রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ও কুমিল্লা জোনাল থেকে পৃথক দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা এ রেলওয়ের সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। বরখাস্ত হওয়া দুই রেলওয়ে কর্মী পলাতক আছেন।  

এর আগে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। বাসটি চুয়াডাঙ্গা থেকে লহ্মীপুর যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় বাসটি অন্তত আধাকিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ১২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শাহ জাহান বলেন, এ হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালে আর একজন আহত যাত্রী চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য দুই যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×