কুমিল্লায় গোমতী নদীতে শুরু মাছ ধরা উৎসব
গোমতী নদীতে মাছ ধরা উৎসব
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ২৩:০১
কুমিল্লায় গোমতী নদীতে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে মাছ ধরার উৎসব, শেষ হবে আগামী বুধবার। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার টিক্কারচর ও চানপুর এলাকায় এ মাছ ধরা উৎসবে যোগ দেন আশপাশের এলাকার বিভিন্ন বয়সের মাছ শিকারিরা।
সরেজমিনে দেখা গেছে, নদীর টিক্কারচর, চানপুরসহ পাশের এলাকায় পলো, ছিটাজাল, মই জালসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে মাছ ধরছেন। কারোর জালে বড় মাছ ধরা পড়লেই সবাই সমস্বরে হৈচৈ শুরু করছেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর মাছ ধরা উৎসবের অপেক্ষায় থাকের তারা। প্রথমে উৎসবের দিন নির্ধারণ করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা দেওয়া হয়। এর পর নির্ধারিত দিনে সবাই ওই চরে মাছ ধরার উৎসবে হাজির হন। বরাবরের মতো আজও সবাই মাছ ধরার উৎসবে সামিল হয়েছেন বহু লোক।
মাছ ধরতে আসা সদর উপজেলার মাঝিকাছা এলাকার শামছুল হক বলেন, আজ পলো দিয়ে দুটি বাঘাইড় পেয়েছি। কালও আসব।
মাছ ধরতে আসা চৌদ্দগ্রামের আক্তারুজ্জামান, কোটবাড়ি শালমানপুরের প্রবাসী আবু বকর ও নাঙ্গলকোটের হাতেম আলী বলেন, ঈদের ছুটিতে সবাই এক সাথে পলো দিয়ে মাছ ধরার এ আনন্দ কেমন, তা বোঝানো যাবে না। আজ নদীতে প্রায় ২ কিলোমিটার এলাকায় অন্তত ৪০০ জন নেমেছেন। বোয়াল, রই, কার্পসহ অন্যান্য মাছ ধরা পড়ছে। এর মধ্যে সর্বোচ্চ ৮-৯ কেজি ওজনের বাঘাইড় মাছও পাওয়া গেছে।
গবেষক ও লেখক আহসানুল কবীর বলেন, গোমতীতে মাছ ধরার উৎসবটি আমাদের শত বছরের ঐতিহ্য। এক সময় গোমতীতে বড় বোয়াল, বাঘাইড়, চিতল, কালবাউশ, রুই কাতল পাওয়া যেত। যেগুলো নগরীর রাজগঞ্জ বাজারে বিক্রি হতো। তবে সময়ের পরিক্রমায় কমেছে গোমতীর পানি ও মাছের আনাগোনা। এখন যৎসামান্য কিছু মাছ পাওয়া যায়।
