খেলার সময় দোকানে বারবার বল আসায় কথা কাটাকাটি, দোকানিকে পিটিয়ে হত্যা
গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২০:৩৪
ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলার সময় বারবার বল দোকানে আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ফখর উদ্দিন (৫৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।
নিহত ফখর উদ্দিন কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকার মৃত আমছর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের বাড়ির পাশে মুদি দোকান চালিয়ে আসছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফখর উদ্দিনের দোকানের পাশে একটি খালি জায়গা রয়েছে, যেখানে স্থানীয় কিশোর ও যুবকরা প্রতিদিন ক্রিকেট খেলত। সোমবার বিকেলে খেলার সময় ক্রিকেট বলটি বারবার ফখর উদ্দিনের দোকানের ভেতরে চলে আসছিল। এতে দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে তিনি ছেলেদের দূরে গিয়ে খেলার অনুরোধ জানান।
একপর্যায়ে উত্তেজিত কয়েকজন যুবক ফখর উদ্দিনের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি তানভীর আহাম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার আদালতে পাঠানো হবে।
