ইছামতীর পারে কালীপূজায় লাখো ভক্তের ঢল
মুন্সীগঞ্জের সিরাজদীখানের শেখরনগর কালীমন্দির প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার পূজারিদের ভিড় সমকাল
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগরে ইছামতী নদীর পারে সনাতন ধর্মাবলম্বীদের ৫৩২ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কালীপূজা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকালে।
শেখরনগর ঋষি সমিতির উদ্যোগে এই পূজায় দূরদূরান্তের পূজারিদের ঢল নেমেছে। দিন পেরিয়ে ভোর ৪টা পর্যন্ত চলবে পূজার কার্যক্রম। পরে আজ ভোর ৫টা থেকে শুরু হবে পাঁঠা বলি। পূজা উপলক্ষে গতকাল শুরু হয়েছে মেলা। এটি চলবে এক সপ্তাহ। পূজা ও মেলা ঘিরে শেখরনগর কালীমন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কালীর ভক্তরা ছুটে এসেছেন পূজায়। এর বাইরে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে এ পূজায় সাধু-সন্ন্যাসীদের সমাগম ঘটেছে। ৯০১ বাংলা সন থেকে ইছামতীর তীরে এই কালীপূজা হয়ে আসছে।
এ পূজার প্রধান আকর্ষণ হচ্ছে পাঁঠা বলি। আজ বুধবার ভোর থেকে বলি দেওয়া শুরু হবে। এবার তিন হাজারের বেশি পাঁঠা বলি দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পূজা উপলক্ষে ইছামতীর পারে বসেছে মেলা। শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলায়। রাত যত বাড়তে থাকে, মেলা প্রাঙ্গণে লোকসমাগম তত বাড়তে থাকে। গৃহস্থালি কাজের রকমারি জিনিসপত্র ছাড়াও বাঁশ ও কাঠের তৈরি নানা আসবাব, কুটির শিল্পের নানা পণ্য এবং মিষ্টান্নের সঙ্গে কসমেটিকসামগ্রীতে সেজেছে স্টলগুলো। শিশুদের জন্য নাগরদোলা, হর্স রেসসহ নানা খেলার ব্যবস্থা রয়েছে।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ৫০০ বছরের পুরোনো এ মেলা এই অঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে, এক দিনের পূজা হলেও মেলা চলে সপ্তাহখানেক।
শেখরনগর কালীমন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস বলেন, কালীপূজা ও মেলায় লাখো মানুষের সমাগম ঘটে। বুধবার ভোর ৫টা থেকে কালীমন্দিরে পাঁঠা বলি শুরু হবে। এ বছর তিন হাজারেরও বেশি পাঁঠা বলি হবে বলে জানান তিনি। সিরাজদীখান থানার ওসি এম এ হান্নান বলেন, কালীপূজায় সার্বিক নিরাপত্তায় রয়েছে পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশসহ ৩০০ কর্মী নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।
- বিষয় :
- পূজা মণ্ডপ
