প্রতিমন্ত্রী আজাদ বললেন
আমরা মানুষকে আর ঢাকামুখী করতে চাই না
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ঝিনাইকুড়ি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কর্মসংস্থান বাড়াতে ড্রেজার নয়; শ্রমিক দিয়েই খাল খনন করা হবে। অন্তত ৫০ শতাংশ খননকাজ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। মন্ত্রণালয়ে সভা করে বারবার এ কথা বলা হয়েছে। আমরা মানুষকে আর ঢাকামুখী করতে চাই না।
মঙ্গলবার দুপুরে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ঝিনাইকুড়ি খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একটু বেশি টাকা লাগে লাগুক, তবুও মানুষের কর্মসংস্থান হোক। আমরা একজনকে ধনী বানাতে চাই না। একশ জনের জীবন-জীবিকা, বাসস্থান আর কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। তাদের স্বাবলম্বী করতে চাই। এটাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। আশা করব, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। দল-মত-ধর্ম-বর্ণ বাদ দিয়ে সবাই সবার স্বার্থে কাজ করবেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের সাহাপাড়ায়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও ও বোদা উপজেলায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে এলাকার জলাবদ্ধতা দূর হবে; নদীতে সারাবছর পানি থাকবে; মাছ চাষের সুযোগ হবে; নদীর দুই ধার দিয়ে হাঁটাহাঁটির পথ তৈরি করা হবে। একই সঙ্গে নদীর দুই ধারে গাছ লাগিয়ে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে।
খাল-নদী দখলকারীদের সতর্ক করে তিনি বলেন, সারাদেশে দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হবে।
একই সঙ্গে এ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে প্রধানমন্ত্রী মাসে দুইবার সশরীরে খনন কাজে অংশ নেবেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল (এসি) কৃষ্ণ কমল সরকার, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কর্মসংস্থান কর্মসূচি
