১৫ দিনের মধ্যে সেতুর সংযোগ সড়ক নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৮:২১ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১৮:২৯
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে মূল অবকাঠামো এবং ৮ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ হলেও শুধু সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি পরিত্যক্ত অবস্থায়। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত জনভোগান্তি দূর করার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের টাকায় নির্মিত এই সেতুটি সংযোগ সড়কের অভাবে কাজে আসছিল না। সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ শেষ করে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’
পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, নতুন করে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই। বর্তমানে যেসব প্রতিষ্ঠানে এডিসি বা ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারাই এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসা প্রমুখ।
