জামায়াত নেতার ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ০৭:১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে জামায়াত নেতা পিয়ার আলীর ঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামি শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছেন।
সেনাবাহিনী ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনাকালে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান ও বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ দেশে তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- জামায়াত নেতা
- অস্ত্র জব্দ
