ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাসির মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল 

হাসির মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল 
×

মর্জিনা খাতুন হাসি

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৫:০২

মর্জিনা খাতুন হাসি। হাসি আপা নামে চিনতেন পুরো এলাকার মানুষ। হাসিখুশি মানুষটি সবার সঙ্গে মিশতেন, খোঁজ খবর রাখতেন। সেই মানুষটির চির বিদায়ে এলাকায় শোকের ছায়া। স্বজনদের মধ্যে কান্নার রোল। হাসিকে হারিয়ে কান্না করছে পুরো এলাকার মানুষ। 

বুধবার বাস ডুবির ঘটনায় নিহত কুষ্টিয়া পৌর এলাকার বারখাদা পালপাড়া এলাকার বাসিন্দা মর্জিনা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। জানাজা শেষে জুগিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। 
 
ঢাকায় বসবাসরত চিকিৎসক মেয়ের বাসায় যাওয়ার জন্য পাংশা থেকে বাসে ওঠেন স্থানীয় পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার মর্জিনা খাতুন। এর ঘণ্টা খানেক পরেই মুত্যুর খবর পান পরিবারের লোকজন। বাস দুর্ঘটনাকে দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনা হিসেবে দেখছেন স্বজন ও এলাকার মানুষ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার চান।
 
সকাল ১০টার দিকে খাটিয়ায় করে মরদেহ নিয়ে আসা হয় জুগিয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে করস্থানে দাফন করা হয়।

নিহতের স্বামী আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি স্কুলের শিক্ষকতা থেকে অবসর নিয়েছি। আমি ঈদের পর ঢাকায় অবস্থান করছিলাম মেয়েদের বাসায়। আমার স্ত্রী গতকাল অফিস শেষ করে পাশা থেকে ঢাকায় রওনা হয়। এর মাঝে খবর আসে বাসটি পানিতে পড়ে গেছে। তার পিত্তথলীর সমস্যার কারণে চিকিৎসক দেখানোর পাশাপাশি মেয়ে বাসা বদল করবে এ জন্য তার ঢাকায় আসা।

স্বজনরা জানান, নিহত হাসির দুই মেয়ে আমেনা খাতুন মুনমুন ও ফাতেমা ফারহানা সোনিয়া ঢাকায় থাকে। এর মধ্যে সোনিয়া ও তার স্বামী চিকিৎসক। 

হাসির প্রতিবেশী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, হাসি আপা খুবই হাসিখুশি একজন মানুষ। তিনি সবার খোঁজখবর রাখতেন। মানুষকে সহযোগিতা করতেন। এলাকায় তিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে এলাকার মানুষ ব্যাথিত ও শোকাহত।  

কবরস্থানে মরদেহ দাফনের সময় কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। তাদের সান্ত্বনা দেন অন্যরা। সবার মুখেই এ সময় হাসির প্রশংসা উঠে আসে। তার এমন বিদায়কে মেনে নিতে পারছেন না তারা। 

এদিকে জেলার খোকসায় নিহত আরও তিনজনের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে আয়েশা সিদ্দিকা, রাজীব বিশ্বাস, তিন বছরের শিশু ইসরাফিলের মরদেহ রয়েছে।

আরও পড়ুন

×