উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
ফাইল ছবি
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ২০:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ২০:৪৯
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাছ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানিয়েছে, ওই রোহিঙ্গা যুবক আশ্রয়শিবির থেকে বেআইনিভাবে বের হয়ে সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরতে গিয়েছিলেন।
আহত ওই যুবকের নাম মোহাম্মদ শহীদুল (২৫)। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, দুপুরে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মোহাম্মদ শহীদুলসহ আরও কয়েকজন রোহিঙ্গা মাছ ধরছিলেন। একপর্যায়ে বিকট শব্দে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন।
আহতের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।’
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই সেখানে উপস্থিত লোকজন আহত যুবককে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মিয়ানমার
- মাইন বিস্ফোরণ
- রোহিঙ্গা
