ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

হারানো ভ্যানের চাবি হাতে কিশোরের অসহায় কান্না

হারানো ভ্যানের চাবি হাতে কিশোরের অসহায় কান্না
×

ভ্যান হারিয়ে কোটচাঁদপুর থানার সামনে চায়ের দোকানের বেঞ্চে শুয়ে আছে করিম সমকাল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ০৯:৪৩

| প্রিন্ট সংস্করণ

এক হাতে হারানো ভ্যানের চাবি আর অন্য হাতে থানায় করা অভিযোগের ফটোকপি ও একটি পলিথিনের ব্যাগের মধ্যে কেক। প্রতারক চক্রের খপ্পরে পড়ে ভ্যান হারিয়ে এসব হাতে নিয়ে কোটচাঁদপুর থানার সামনের একটি চায়ের দোকানের বেঞ্চে মা-বাবার জন্য অপেক্ষায় শুয়ে ছিল ১৪ বছর বয়সী মো. করিম নামে এক কিশোর। তাঁর দুই চোখে ছিল জল আর ভয়। গতকাল বৃহস্পতিবার সকালে সিনেমা হল পাড়া এলাকায় সে তার ভ্যানটি হারায়। 
করিম চুয়াডাঙ্গার গোয়ালহুদা গ্রামের হঠাৎপাড়ার মিজানুর রহমানের ছেলে। ভ্যান হারানোর বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছে সে। করিমের বাবা মিজানুর রহমান জানান, ‘স্ত্রী আর ৩ ছেলে ১ মেয়ে নিয়ে আমার সংসার। ২ ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছি। সংসারে এখন স্ত্রী ও ছোট ছেলে করিম। ইঞ্জিনচালিত ভ্যানটি কিনেছিলাম কিস্তির টাকা দিয়ে। থাকেন সরকারের দেওয়া বাড়িতে। ভ্যানটি ছিল তাঁর সংসারের আয়ের উৎস। ভ্যানটি গতকাল শহরের সিনেমা হল পাড়া থেকে ছেলেকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা।’ এখন একদিকে কিস্তির টাকা, অন্যদিকে প্রতিদিনের সংসার খরচ– এ দুইয়ের চিন্তায় মহাবিপাকে মিজানুর রহমানের পরিবার।
মো. করিম বলে, জীবননগর ভ্যানস্ট্যান্ডে যাত্রীবেশে দুজন শহরে পাইপ কেনার কথা বলে ভ্যান ভাড়া করেন। শহরে গিয়ে তারা সিনেমা হল পাড়ার একটি বড় ভবনের সামনে নিয়ে যান। এরপর তাদের একজন ভ্যানের ওপর বসে ছিলেন। অন্যজন আমাকে সঙ্গে নিয়ে যান পাইপ কিনতে। পরে ওই ব্যক্তি আমাকে ভ্যানের কাছে ফিরে যেতে বলেন। ফিরে গিয়ে ভ্যান আর ওই মানুষ কোনোটাই পাইনি। তখন আমার কান্না দেখে স্থানীয় একজন আমাকে থানায় নিয়ে অভিযোগ লিখে দেন। 
পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলায় উদ্বিগ্ন ও ভীত হয়ে কাঁদছিল কিশোর করিম। ভ্যান হারিয়ে ফেলায় বাবা তাকে মারতে পারেন এই ভয় পাচ্ছিল সে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘ভ্যান চুরি সংক্রান্ত একটা অভিযোগ দায়ের হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’

আরও পড়ুন

×