ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্মৃতিসৌধে স্লোগান

সুনামগঞ্জে আওয়ামীপন্থী ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেপ্তার ২ 

সুনামগঞ্জে আওয়ামীপন্থী ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেপ্তার ২ 
×

অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু ও অ্যাডভোকেট শামীম আহমদ

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৩:৫০ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ | ১৩:৫১

স্মৃতিসৌধে মিছিল-স্লোগানসহ ফুল দেওয়ার ঘটনায় সুনামগঞ্জে আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।

এ ঘটনায় পুলিশ দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর তাদের আদালতে পাঠানো হবে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আইনজীবী মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের কাউন্সিলর। তার বাড়ি শহরের নতুনপাড়ায়। 

শামীম জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। তিনি সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। 

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী হলেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই আইনজীবী। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন তারা।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে সুনামগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করা হয়

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন মামলায় তাদের সবাইকে আসামি করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। তারা মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে যান। সেখানে স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।  এ সময় স্মৃতিসৌধে তারা ছাড়া অন্য কোনো সংগঠন ছিল না। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। এ সময় তারা ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ মুজিব, লও লও সালাম’ স্লোগান দেন। পরে মিছিল স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশের একটি সূত্র জানায়, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জের যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগের নেতা বিমান রায়, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, শুকুর আলী, হাসান মাহবুব সাদী, পঙ্কজ তালুকদারসহ ২৭ জন আইনজীবীর নাম আছে।

আরও পড়ুন

×