ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাইবান্ধা

থানায় ঢুকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার

থানায় ঢুকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার
×

মিজানুর রহমান মিজান

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৭:২৪ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ | ১৭:২৭

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাপিটের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।

এর আগে শুক্রবার ভোরে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি। তিনি উপজেলার গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। মিজানুর রহমান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। 

২৫ মার্চ রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের মাহমুদ হাসান পলাশের নেতৃত্বে একদল নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ দেন। এ সময় ওসির সঙ্গে কথাবার্তা ও তর্কবিতর্কের এক পর্যায়ে উপস্থিত জামায়াত নেতাকর্মীরা ওসিসহ পুলিশ সদস্যদের মারধর করেন। এতে ৮ পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় এজাহার নামীয় ৯ জন ও অজ্ঞাত আরও ১১ থেকে ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তৌহিদুল ইসলাম কানন নামে যুব জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, প্রধান আসামি যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদ হাসান পলাশ ও গ্রেপ্তার মিজান একই সঙ্গে ছিলেন। পলাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একধিক দল কাজ করছে। 

আরও পড়ুন

×