যশোরে চলন্ত বাসে হঠাৎ আগুন, অক্ষত যাত্রীরা
যশোর-নড়াইল মহাসড়কে আগুনে পুড়ে গেছে যাত্রীবাহী বাস
যশোর অফিস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৭:৪৭
যশোরের ফতেপুরে যশোর-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে অক্ষত রয়েছেন বাসটির যাত্রীরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে জানা গেছে।
পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের ওই বাসটি ঢাকার দিকে ছেড়ে যায়। ১০ কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
এরপর বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে। তা সত্ত্বেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাসটি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
তিনি জানান, এ ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- যাত্রীবাহী বাস
- বাসে আগুন
- দুর্ঘটনা
