চট্টগ্রাম
পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুত
পানির ট্যাংক ও ড্রামে ডিজেল মজুত করে রাখা হয়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৮:০৪
চট্টগ্রামে মজুত করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বেশি দামে বিক্রি করতে পানির ট্যাংকে ও ড্রামে এসব ডিজেল মজুত করা হয়েছিল। জব্দ তেলের মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেট এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ। তিনি জানান, বিমানবন্দর এলাকায় একজন ব্যবসায়ী গোপনে তেল মজুত করেছে এমন তথ্য পেয়ে শুক্রবার দুপুরে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৩০টি ড্রাম ভর্তি ডিজেল এবং তেল লোড-আনলোডিং কাজে ব্যবহৃত তিনটি পাম্প জব্দ করা হয়। জব্দ ডিজেলের পরিমাণ প্রায় ছয় হাজার লিটার। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছেন, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি চক্র জ্বালানি তেল সরিয়ে বিক্রির জন্য মজুত করে রাখে। অবৈধভাবে খোলা বাজারে এসব তেল বেশি দামে বিক্রি করা হয়। বিমানবন্দর এলাকায় একজন ব্যবসায়ী এভাবে তেল মজুত করে রেখেছিল। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানিয়েছেন, জ্বালানি তেল মজুত করে যাতে কেউ সংকট তৈরি করতে না পারে সেজন্য অভিযান চলছে। এরই অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
