আমার এলাকায় ওয়াজ কীর্তন যেমন হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৯:০৫
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের।
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউলদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে। কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কিনা, আমি জানি না। তবে আমি সংখ্যা ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে এরকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবো ততদিন আমার এখানে ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।
প্রয়াত সাধক আব্দুল কাদির শাহ (রহ.) ছেলে মো. শফিকুল ইসলাম জানান, প্রতিবছরের ন্যায় এবারও তিনদিনের কর্মসুচি নেয়া হয়েছে। কর্মসুচির মধ্যে লোকজ উৎসবের পাশাপাশি বাউল গান, পালাগান ও বৈঠকি গানে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা গান পরিবেশন করবেন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া-২
- রুমিন ফারহানা
