ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূমি অফিসের কাণ্ড নিয়ে থামছে না সমালোচনা

ভূমি অফিসের কাণ্ড নিয়ে থামছে না সমালোচনা
×

 সিলেট ব্যুরো  

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কের মারামারির ঘটনায় তোলপাড় গোটা অধিদপ্তর। গত বুধবারের এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের সমালোচনা, টিপ্পনী আর মিমের ঝড় থামছেই না। এমন ঘটনায় বিব্রত সংশ্লিষ্ট দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিনের এই মারামারির ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। এরই মধ্যে অফিস সহায়ক আয়াতকে বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমি অফিসের ভেতরে দরজা লাগিয়ে মারামারির ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে অফিস সহায়ক আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় চলছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঞা জানিয়েছেন, আইন অনুযায়ী বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার জেলা প্রশাসক একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলেছেন।

জানা যায়, বুধবার সকালে অফিস সহায়ক আয়াত উদ্দিন দেরিতে আসায় উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ব্যাপারে জানতে চাইলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।  মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দুজন একে অপরের কলার ধরে কিল-ঘুসি মারছেন। বাইরে থেকে সেবাগ্রহীতারা দরজা খোলার জন্য আহ্বান জানাচ্ছেন। পরে এক যুবক ভেতরে গিয়ে আয়াত উদ্দিনকে বের করে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ভূমি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেবা নিতে গেলে অতিরিক্ত ফি ছাড়া কাজ হয় না বলেও জানান অনেকে। তবে অভিযোগ থাকলেও কেউ আমলে নেয় না। বেপরোয়া চলাফেরা সবার। এরই পরিণতিতে এই ঘটনা। 

আরও পড়ুন

×