শেরপুর আইনজীবী সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সিরাজুল, সম্পাদক হীরা
সিরাজুল ইসলাম ও এ এইচ এম নূরে আলম হীরা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৯:৫৪
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী এ এইচ এম নূরে আলম হীরা।
আজ রোববার ছিল মনোনয়নপত্র কেনা ও দাখিলের শেষ দিন। আওয়ামী লীগ বা অন্য কোনো দল সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র দাখিল না করায় বিএনপিপন্থি আইনজীবীরা সমমনাদের সঙ্গে আলোচনা করে ১৩ সদস্যের প্যানেল জমা দেন। পরে যাচাই-বাছাইয়ে সকলের মনোনয়ন বৈধ হলে বিকেলে জেলা আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের চেয়ারম্যান পিপি আব্দুল মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নতুন প্রশাসক ও জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্যসচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এমকে মুরাদুজ্জামান, সম্পাদক ছামিউল হক আতাহারসহ নির্বাচন কমিশনের দুই সদস্য।
ঘোষিত কমিটিতে সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ এইচ এম নূরে আলম হীরাসহ ১১ জন বিএনপিপন্থি। বাকী দুই আইনজীবীর একজন এনসিপি ও অন্যজন জামায়াত সমর্থিত বলে জানা গেছে।
কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, তাকে জেলা বারের সকল আইনজীবী শ্রদ্ধা ও স্নেহ করেন। তিনি যখন সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন দলমত নির্বিশেষে সকল আইনজীবী তাকে সমর্থন দিয়েছেন। বিচারপ্রার্থী মানুষ যেন ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করবেন বলে জানান তিনি।
