ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রেন দুর্ঘটনায় প্রতিবেদন

৬ গেটম্যান, স্টেশন মাস্টার ট্রেন ও বাসচালক দায়ী

৬ গেটম্যান, স্টেশন মাস্টার ট্রেন ও বাসচালক দায়ী
×

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাস। ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ২২:০৮

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং প্রায় ২০ জন আহতের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। এতে নগরীর পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের ৪ গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান, লালমাইয়ের স্টেশনমাস্টার, দুর্ঘটনাকবলিত ট্রেনের দুজন লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ এবং বাসচালকের দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন দাখিলের পর সমকালকে এসব তথ্য জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। 

প্রতিবেদনে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয় উঠে এসেছে এবং বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে ৮টি সুপারিশও করেছে কমিটি। প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সমকালকে বলেন, স্টেশন মাস্টার ও গেটম্যানদের মোবাইল কল লিস্ট যাচাই করা হয়েছে। লোকোমাস্টার রাস্তার সিগন্যাল না দেখে ট্রেনের গতি কমাতে পারতেন। বাসচালক রেলের ওভারপাস ব্যবহার না করে নিচ দিয়ে গাড়ি চালিয়েছেন। তাই প্রতিবেদনে সবার অবহেলার বিষয় তুলে আনা হয়েছে। সাক্ষী নেওয়া হয়েছে ২৪ জনের। 

গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এতে প্রধান ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী। 

দুর্ঘটনার পর এক বাসযাত্রীর করা মামলায় এ পর্যন্ত তিনজন গেটম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

আরও পড়ুন

×