ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের আলটিমেটাম

শনিবার থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের আলটিমেটাম
×

৭ দফা দাবিতে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ফটকে সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৮:১১

বকেয়া পাওনা পরিশোধ ও নিয়োগ বিধিমালা সংশোধনসহ ৭ দফা দাবিতে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ফটকে সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে মিল এলাকায় লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার সকালে মিলের প্রশাসনিক ভবনের সামনে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

ফটক সভায় শ্রমিক নেতারা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে সাতটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো– মৌসুমি জনবলকে স্থায়ী পদে পদায়ন, চুক্তিভিত্তিক জনবলদের বয়স শিথিল করে স্বপদে নিয়োগ, সরকার ঘোষিত ১৫% বিশেষ সুবিধার বকেয়াসহ প্রতি মাসে ১৫০০ টাকা প্রদান, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য বৈষম্যহীন জাতীয় পে-স্কেল ঘোষণা, ২০০২ সালের সেটআপ অনুযায়ী আর্থিক সুবিধা প্রদান, ইক্ষু পরিবহনের ড্রাইভার ও হেল্পারদের ইনসেনটিভ বিল বৃদ্ধি, কৃষি খামারের দৈনিক হাজিরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের ৩০ দিনের মধ্যে পিএফ ও গ্র্যাচুইটির টাকা পরিশোধ।

নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম মানিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মানবিক দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। ফলে শ্রমিকরা আজ মানবেতর জীবনযাপন করছে।’

সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী শনিবারের মধ্যে দাবি না মানলে আমরা কাজ বন্ধ রেখে লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হব।’ সভায় আরও বক্তব্য দেন ইউনিয়নের সহসভাপতি মনিরুজ্জামান মনি, সহসাধারণ সম্পাদক ইমদাদুল হক বাচ্চু,  সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, ধর্ম ও ক্রীড়া সম্পাদক হাকিমুর রশিদ (লিটু), প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

দাবির বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া জানান, মিলের যাবতীয় কার্যক্রম প্রধান কার্যালয়ের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো ঢাকায় সদরদপ্তরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলেই কেবল এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন

×