ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাকসু প্রতিনিধির ওপর হামলা

চাকসু প্রতিনিধির ওপর হামলা
×

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৩:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ অতর্কিত হামলার শিকার হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে তেল নিতে গেলে হাটহাজারীর স্থানীয় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার এলাকার এক শিক্ষার্থী গুরুতর আহত হন। ওই ঘটনায় বহিরাগত এক মোটরসাইকেল আরোহী পেছন থেকে ধাক্কা দেয়। সেই ঘটনায় প্রক্টর, পুলিশ ও চাকসু প্রতিনিধির উপস্থিতিতে চবি মেডিকেল সেন্টারে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। সে সময় বহিরাগতদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তার ধারণা, ওই ঘটনার জেরে ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ওই সমঝোতা বৈঠকেও উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর ইফাজ জানান, ‌‌‘আহত অবস্থায় আনার পর মাসুম বিল্লাহর চোখের ওপরে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া যায়। মাথায় গুরুতর আঘাত থাকায় সিটি স্ক্যান প্রয়োজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জানান, ‘হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। প্রধান আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আহত চাকসু প্রতিনিধিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপাচার্য মহোদয় পুরো বিষয়টি তদারকি করছেন। ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

×