মাগুরায় তেল নিতে নারীদের ভিড়
তেলের জন্য পুরুষের পাশাপাশি ভিড়ে অপেক্ষা করছেন নারীরা। ছবি : সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৩:৫৯
মাগুরায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। এতে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা করতে লাইনে দাঁড়াচ্ছেন নারীরাও।
গতকাল মঙ্গলবার জেলার পাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহে কৃষক ও গাড়ি চালকদের ভিড় করতে দেখা যায়। ব্যতিক্রম ছিল তেল সংগ্রহে নারীদের উপস্থিতি। তারাও তেলের জন্য পুরুষের পাশাপাশি ভিড়ে অপেক্ষা করছেন। সকালে মাগুরা ও ফাতেমা ফিলিং স্টেশনে এরকম দৃশ্য দেখা গেছে।
মাগুরায় মোট ১২টি ফিলিং স্টেশন। সদর উপজেলার পাম্পগুলো ঘুরে দেখা গেছে, কৃষকরা সেচযন্ত্রে ব্যবহারের জন্য ডিজেল পেতে পাত্র হাতে সেখানে ভিড় জমাচ্ছেন। অনেক কৃষক জানিয়েছেন, চলমান ধান আবাদের জন্য এখনও তাদের অনেক ডিজেল প্রয়োজন। যদি কোনো কারণে তেল আমদানি বন্ধ হয়, তাহলে আবাদ ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয়রা বলছেন, নারীরা কেনাকাটায় সক্রিয় হলেও লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে জ্বালানি তেল কিনতে অভ্যস্ত নন। কিন্তু, যে সংকট চলছে, তাতে জ্বালানি সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিশেষ করে কর্মজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। সেই ক্ষতি পুষিয়ে নিতে তেল সংগ্রহে ফিলিং স্টেশনে লাইনে দাঁড়াচ্ছেন নারীরা। পরিবারের পুরুষ সদস্যরা যাতে নিজেদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে জন্য ড্রাম হাতে পাম্পগুলোতে জড়ো হচ্ছেন তারা।
গতকাল মাগুরা সদর উপজেলার কাটাখালি এলাকায় রোকসানা বেগম নামে এক নারীকে সন্তান কোলে নিয়ে তেলের লাইনে দেখা যায়।
তিনি বলেন, ‘স্বামী কৃষিকাজ করেন। পুরো একটা দিন লেগে যায় তেল নিতে। সময় নষ্ট হয়। তাই আমি স্বামীর কাজে সহযোগিতা করতে তেল নিতে আসছি।’ সদরের কছুন্দি গ্রামের নারী শিউল বেগমও একই কথা বলেন।
এদিকে জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহামুদ বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। চলমান যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় যানবাহন চালক এবং কৃষকদের অতি ব্যস্ততা রয়েছে। সুষ্ঠুভাবে সবাই যাতে জ্বালানি তেল পায়, সে জন্য প্রতিটি পাম্পে জেলা ম্যাজিস্ট্রেট মনিটরিং করছেন। অফিসার নিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যরা কাজ করছেন। সবাইকে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহের আহ্বান জানান জেলা প্রশাসক।
- বিষয় :
- মাগুরা
- ফিলিং স্টেশন
- জ্বালানি তেল
