ফুলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার মো. রুবেল মিয়া (৪০)
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ২২:২৫
ময়মনসিংহের ফুলপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও বিষপানে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রধান অভিযুক্ত মো. রুবেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। চাঞ্চল্যকর এই মামলার ২৪ ঘণ্টার মধ্যেই আত্মগোপনে থাকা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।
গ্রেপ্তার রুবেল উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. নয়মুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ মার্চ রাত ১০টার দিকে ভুক্তভোগী ওই কিশোরী নিজ বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী রুবেলের বাড়িতে যান। দীর্ঘক্ষণ পর তার দাদী তাকে খুঁজতে বের হলে রুবেলের ফিসারির পাশে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বাড়িতে নিয়ে আনলে অসুস্থ হয়ে পড়া কিশোরী তার দাদীকে জানান, রুবেল তাকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। লোকলজ্জার ভয়ে তিনি রুবেলের বাড়ি থেকেই কীটনাশক পান করে এসেছেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩০ মার্চ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্বজনরা মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ করে আসামির ফাঁসি দাবি করেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ফুলপুরের রামভদ্রপুর এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশালে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
এদিকে র্যাব-১৪-এর অপর এক অভিযানে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. কলিম উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- ময়মনসিংহ
- ফুলপুর
- ধর্ষণ মামলা
- আসামি গ্রেপ্তার
