হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ
মাধবপুরের মনতলা রেল স্টেশন এলাকায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ২৩:৫৭ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৬:১৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আর এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, জ্বালানি তেলভর্তি চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ট্রেনটির কয়েকটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে রয়েছে।

এ বিষয়ে মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে আখাড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি আসলে পরে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেল কর্তৃপক্ষ ট্রেনটি উদ্ধারের জন্য যোগাযোগ করছেন। এছাড়াও ট্রেন থেকে পড়ে যাওয়া তেল উদ্ধার এবং যোগাযোগ পুণরুদ্ধারের প্রতিষ্ঠার উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবি।
- বিষয় :
- হবিগঞ্জ
- ট্রেন
- ট্রেন লাইনচ্যুত
- ট্রেন দুর্ঘটনা
