জাটকা শিকারের অভিযোগে ৩৮ জন আটক
চাঁদপুরে ৩২ জেলের বিরুদ্ধে মামলা
চাঁদপুরে জাটকা নিধনের অভিযোগে বুধবার আটক কয়েকজন জেলে। ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:১১ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:১২
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা শিকারের অভিযোগে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের বিরুদ্ধে নৌ-থানায় নিয়মিত মামলা হয়েছে।
বাকিদের মধ্যে একজন প্রতিবন্ধী, অন্যজন অসুস্থ এবং ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে জাটকা, নৌকা ও জাল। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।
আটক জেলেদের মধ্যে রয়েছেন– আব্দুর রহমান খান, বাবুল মাঝি, জাকির হোসেন, মনু মিয়া গাজী, মো. আমন, জিল্লু মাঝি, আওলাদ বন্দুকসী, ফরিদ বন্দুকসী, ইব্রাহীম খান, হাবিব খান, জাহিদুল ইসলাম, মোশাররফ মাঝি, ইউসুফ মাঝি, হারুন খান, শাহজাহান শেখ, রুস্তম হাওলাদার, আব্দুল কাদির ঢালি, বাসু ঢালী, দুলাল দিদার, শাকিল হাওলাদার, শিপন সিকদার, তানভীর হাওলাদার, মানিক জমাদ্দার, আকাশ খান, ইমান গাজী, রুবেল ছৈয়াল, ছাত্তার গাজী, সাগর হাওলাদার। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
সদর উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, বুধবার বিকাল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত সদর উপজেলার আখনের হাট থেকে বহরিয়া পর্যন্ত মেঘনা নদীর উপকূলীয় এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। এসময় জেলেদের আটক, দুটি মাছ ধরার নৌকা, ৫ হাজার মিটার কারেন্টজাল ও প্রায় ২০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে অংশ নেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, চাঁদপুর নৌ-থানার পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএমএস ইকবাল জানান, অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে বৃহস্পতিবার নৌ-থানায় মামলা হয়েছে। জব্দ কারেন্টজাল ও নৌকা থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা সংরক্ষণে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
- বিষয় :
- চাঁদপুর
- জাটকা ইলিশ
