২৭ দিন বন্ধ থাকার পর ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু
ঘোড়াশাল-পলাশ সার কারখানা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৫৩
২৭ দিন বন্ধ থাকার পর ৩১ মার্চ সন্ধায় গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ সার কারখানা। দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে এতোদিন বন্ধ ছিল কারখানাটির উৎপাদন।
বৃহস্পতিবার কারখানার মহা-ব্যাবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ মার্চ বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়। ২৭ দিন সার কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর ৩১ মার্চ সন্ধায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। গ্যাস পাওয়ার পর ৫ থেকে ৬ দিন সময় লাগে সার উৎপাদনে আসতে।
আগামী ৪ থেকে ৫ এপ্রিলের মাঝে সার উৎপাদন পুরোপুরি চলবে বলে আশা প্রকাশ করেন কারখানার মহা-ব্যাবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদনে ছিল এই সার কারখানাটি। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হয়। এই সার কারখানার উৎপাদন পুরোপুরি গ্যাসনির্ভর। সার কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।
- বিষয় :
- উৎপাদন
- নরসিংদী
- সার কারখানা
