বাবার স্মৃতিবিজড়িত খাল খননে যাবেন প্রধানমন্ত্রী
যশোরের শার্শা উপজেলার উলাশি এলাকার জিয়া খাল বৃহস্পতিবার পরিদর্শনে যান প্রশাসনের কর্মকর্তারা। ছবি: সমকাল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২০:১১
যশোরের শার্শায় ভরাট হয়ে যাওয়ার প্রায় ৫০ বছর পর খনন হতে যাচ্ছে উলাশি এলাকার জিয়া খাল। চলতি এপ্রিল মাসেই বাবার স্মৃতিবিজড়িত এই খাল নিজ হাতে খনন করতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের একটি দল খাল এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য ১৯৭৬ সালের ১ নভেম্বর উলাশির যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। এলাকার কৃষিজমিতে সেচ সুবিধার জন্য এই খালটি খনন করা হয়। উলাশিতে পরবর্তীতে অনেক প্রকল্পও নেওয়া হয়। যদিও মাঝপথে এসব প্রকল্প থমকে যায়।
বৃহস্পতিবার দুপুরে খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক অশেক হাসান। তিনি বলেন, এ মাসের যেকোনো দিন খালটির খনন কাজের উদ্বোধন হতে পারে। এ জন্য আসবেন প্রধানমন্ত্রী। তাঁর দপ্তর থেকে শিগগিরই তারিখ জানানো হবে।
সভায় যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- যশোর
- শার্শা
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
