কুমিল্লায় দুই সাংবাদিককে হাতকড়া পরানো এসিল্যান্ড প্রত্যাহার
ফয়সাল আল নূর। ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২২:২৪
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার অফিসে সংযুক্ত হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, বিসিএস ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তা ফয়সাল আল নূরকে সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে ফোন করা হলে তাকে ফোনে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক সমকালকে বলেন, তিনি দেরিতে জেনেছিলেন বলে বিষয়টি অনেক দূর গড়িয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এসিল্যান্ড তার দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন।
গত বুধবার (১ এপ্রিল) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের অফিসে এক নিকটাত্মীয়ের জমির খারিজের বিষয়ে শুনানিতে যান দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপলের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম। এসময় ব্যক্তিগত কাজ করেছিলেন এসিল্যান্ড। এসময় দুই সাংবাদিক জানতে চান তাদের শুনানিটা আজ হবে কি না।
ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, এসিল্যান্ড দুই সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করতে থাকলে তারা এসিল্যান্ডের বাজে আচরণ ভিডিও করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিতে ধস্তাধস্তি করেন এসিল্যান্ড। পরে পুলিশ এনে হাতকড়া পরিয়ে দুই সাংবাদিককে থানায় পাঠান এসিল্যান্ড ফয়সাল আল নূর। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
হেনস্তার শিকার সাংবাদিক আবদুল আলীম সমকালকে বলেন, পরিচয় দেওয়ার পরও এসিল্যান্ড তাদের সঙ্গে যে আচরণ করেছেন তা একজন সরকারি কর্মকর্তা করতে পারেন না। তাই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার কুৃমিল্লা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।
- বিষয় :
- কুমিল্লা
- এসিল্যান্ড
- প্রত্যাহার
