ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চরমোনাইয়ের মাহফিলে এনসিপির ১৫ নেতা

চরমোনাইয়ের মাহফিলে এনসিপির ১৫ নেতা
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল। ছবি-সংগৃহীত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ০৯:৩৮

| প্রিন্ট সংস্করণ

বরিশালের চরমোনাই দরবার শরিফের বার্ষিক মাহফিলে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫ সদস্যের প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সকালে তারা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির  মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে চরমোনাই পৌঁছেন। দুপুরে মঞ্চে উঠে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। 

চরমোনাই দরবারের তিন দিনের বার্ষিক মাহফিল বুধবার শুরু হয়েছে। কাল শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিল শেষ হবে। বৃহস্পতিবার দুপুরে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ডা. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি মঞ্চ থেকে নামার পর শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৪-এর গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের কথা স্মরণ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন প্রথম ছাত্রদের পক্ষে রাস্তায় নেমেছিল। আপনাদের এ অবদান দেশ ও জাতির জন্য আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখব। পীর সাহেব হুজুর ও ইসলামী আন্দোলন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে।’
দরবার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনসিপি নেতারা সারাদিন সেখানে কাটিয়েছেন। ইসলামী আন্দোলনের আমির পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে পৃথকভাবে 

সাক্ষাৎ করেছেন তারা। তবে মুসল্লিদের উদ্দেশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শুভেচ্ছা বক্তব্যের সময় মঞ্চে ছিলেন না ইসলামী আন্দোলনের আমির বা নায়েবে আমির। 
এ সময় মঞ্চে ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেন প্রমুখ।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য কেএম শরীয়ত উল্লাহ বলেন, কয়েক যুগের রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে ওলামা-মাশায়েখ সমাবেশ ও তৃতীয় দিনে ছাত্র সমাবেশ হয়। তবে এ বছরের মাহফিলে কর্মসূচি দুটি বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন

×