ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মন্ত্রীর সফরের খবরে ভাঙাচোরা রাস্তা সংস্কার

মন্ত্রীর সফরের খবরে ভাঙাচোরা রাস্তা সংস্কার
×

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৮:৫৫

| প্রিন্ট সংস্করণ

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল শনিবার হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। মন্ত্রীদের এ সফরকে কেন্দ্র করে তেলিয়াপাড়া চা বাগানের বেহাল দশার প্রধান সড়কটিতে জরুরিভাবে সংস্কার কাজ চলছে।
জানা গেছে, ৪ এপ্রিল তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।

তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক থেকে চা বাগানের ভেতরে অবস্থিত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সড়কের পিচ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যা চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে। প্রতিদিন চা বাগানের শ্রমিকসহ দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা এই সড়ক ব্যবহার করে স্মৃতিসৌধ ও চা বাগান পরিদর্শনে আসেন। কিন্তু বেহাল রাস্তার কারণে তাদের যাতায়াতে ভোগান্তি হয়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, মন্ত্রীর আগমন উপলক্ষে অস্থায়ীভাবে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের শ্রমিকরা ভাঙাচোরা অংশগুলোতে ইট ও খোয়া ফেলে জোড়াতালিতে মেরামতের কাজ করছেন।

তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল জানান, চা বাগানের সড়কটি একটি ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু সড়কটি নির্মাণের পর কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি। প্রতিবছর তেলিয়াপাড়া দিবসে এই সড়কে অস্থায়ী মেরামত করা হয়। ফলে কিছুদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায় রাস্তা। দীর্ঘদিন ধরে টেকসই সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ ও পর্যটকদের ভোগান্তি বাড়ছে।
তিনি বলেন, ৪ এপ্রিলের অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। মন্ত্রীদের আগমনে আমরা আনন্দিত। কিন্তু আমরা চাই, এই সুযোগে যেন সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হয়। 
ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, তেলিয়াপাড়া চা বাগানের এই সড়কটি শুধু একটি সাধারণ রাস্তা নয়, এটি দেশের ইতিহাস ও পর্যটনের সঙ্গে জড়িত। এলাকাবাসীর আশা মন্ত্রীদের আগমন উপলক্ষে তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী নুর নবী জানান, মন্ত্রীর আগমন উপলক্ষে সড়কটিতে জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করা হচ্ছে। সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।

আরও পড়ুন

×