ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৯:৫৯

| প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, এলাকার নিয়ন্ত্রণ ও শত্রুতার জের ধরে রাসেল এবং আব্দুল হামিদ পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, হকিস্টিক, লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সাত-আটটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।
সংঘর্ষে আকতার হোসেন, নূরুল হক, ফারুক হোসেন, রোকসানা বেগম, তাসলিমা বেগম, কাউসার মিয়া, রাবেয়া বেগমসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আকতার হোসেন ও নূরুল হক টেঁটাবিদ্ধ। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয়রা জানান, পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর, পাঁচানী ও খাসেরগাঁও এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে দুটি পক্ষ। এর আগেও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকারের আমলে এই শিল্প প্রতিষ্ঠানগুলো হামিদের নিয়ন্ত্রণে ছিল। বিএনপি সরকার গঠনের পর শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায় রাসেলের লোকজন।

কোরবানপুর গ্রামের আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত ২১ জানুয়ারি তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুনরায় গতকাল তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রাসেল মিয়ার ভাষ্য, খাসেরগাঁও গ্রামের রাজু মিয়া সকালে পাঁচানী বাজারে গেলে হামিদের লোকজন একা পেয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ নিয়ে তাদের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
অপর পক্ষের আব্দুল হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

আরও পড়ুন

×