ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডেপুটি স্পিকার বললেন

সংস্কৃতিচর্চায় শিশুদের সম্পৃক্ততা গড়বে সুস্থ সমাজ

সংস্কৃতিচর্চায় শিশুদের সম্পৃক্ততা গড়বে সুস্থ সমাজ
×

ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:৫১

শিশুদের ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা গেলে মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার জনতা কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, শিশুদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে তুলতে পারলে তারা কিশোর বয়স থেকেই সঠিক পথে চলতে শিখবে। এর মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বাধীনতা কেবল ভূখণ্ড বা পতাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক বিকাশ এবং একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য পূরণে এখনও সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, এই উপজেলাকে একটি মডেল এলাকায় পরিণত করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। দল, মত বা ধর্ম নয়– মানুষের মেধা, মনন ও যোগ্যতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম এবং জনতা কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমু।

এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

×