মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত প্রকৌশলী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০৯:৩০ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ১২:২০
| প্রিন্ট সংস্করণ
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক প্রকৌশলীকে অপহরণের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থল থেকে পাঁচশ মিটার দূরে যাওয়ার পরই অপহরণ করা হয় প্রকৌশলী বিজয় হোসেন ফারাবিকে। খবর পেয়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর পৌনে ৫টায় অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করেছে।
টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশনের উৎপাদন কর্মকর্তা ফারাবির (২৭) বাড়ি নরসিংদী সদর উপজেলার দড়িনবীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন একটি সড়ক থেকে মুখোশধারী দুই দুর্বৃত্ত জোর করে তাঁকে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে আরও একজন ছিল। তারা ফারাবির মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে অপহরণকারীরা তাঁর হাত-পা বেঁধে ছবি তুলে স্বজনদের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে। স্বজনরা অপহরণকারীদের বিকাশ নম্বরে কয়েক ধাপে ৫০ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফারাবির স্বজনরা নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এই থানার পুলিশ ডায়েরিটি মিরসরাই ও জোরারগঞ্জ থানায় পাঠায়। রাত সাড়ে ১১টায় দুই থানার পুলিশ অভিযানে নামে। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকায় একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে অসুস্থ অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে ফারাবির কর্মস্থলের নিরাপত্তা কর্মকর্তা ও সহকর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াকুব নবী জানান, ভোর ৬টার দিকে প্রকৌশলী ফারাবিকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তাঁর চোখেমুখে ছিল আতঙ্কে ছাপ।
সামুদা কনস্ট্রাকশন লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মো. মিনহাজ জানান, ফারাবিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন তারা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছেন।
ফারাবির ছোট ভাই জয় হোসেন বলেন, ‘নরসিংদী, মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় আমার ভাইকে ফিরে পেয়েছি। ফারাবি মানসিকভাবে বিপর্যস্ত। চিকিৎসা শেষে আমাদের সঙ্গে আছেন। তিনি স্বাভাবিক হলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।’
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াছমিন জানান, অপহরণকারীরা ফারাবির হাতে অস্ত্র দিয়ে ও বিবস্ত্র করে ছবি তুলেছে। তারা ভিডিও করে বিভিন্ন ভাবে হুমকি দেয়। তাঁর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে। তাঁর পরিবার থানায় মামলা দেয়নি। মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
