ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাওরের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা আগের সরকারের আমলে তৈরি: ভূমিমন্ত্রী

হাওরের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা আগের সরকারের আমলে তৈরি: ভূমিমন্ত্রী
×

ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৬:৫৮

ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, হাওরাঞ্চলে পানি নিষ্কাশনের সমস্যা নতুন নয়; এর মূল কারণ সৃষ্টি হয়েছে বিগত সরকারের সময়ে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে। এতে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়ে বর্তমানে জলাবদ্ধতার সংকট দেখা দিচ্ছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইন-২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কিছু সড়ক ও অবকাঠামোতে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা রাখা হয়নি। ফলে ভারি বর্ষণ ও উজানের ঢলে হাওরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার নতুন করে পরিকল্পনা করছে, যাতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, সুনামগঞ্জের মানুষ দেশের মোট ধান উৎপাদনের প্রায় আট ভাগের একভাগ উৎপাদন করেন, যা অত্যন্ত গর্বের বিষয়। তবে সাম্প্রতিক জলাবদ্ধতায় কৃষকের কাঁচা ধান পানিতে ডুবে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল পরিকল্পনার ঘাটতি ও কিছু অসাধু ব্যক্তির কারণে সৃষ্টি। বর্তমান সরকার খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কৃষি উৎপাদন ধরে রাখতে বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনে বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হলেও কৃষকের সেচব্যবস্থা চালু রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে হাওরাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

সুনামগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি মরমি সাধক হাসন রাজা, রাধারমণ দত্ত, শাহ আবদুল করিম ও দুর্বিণ শাহ’র স্মৃতিবিজড়িত এই জেলায় কর্মশালা আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

কর্মশালার সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংগঠন (বেলা, টিআইবি) এবং দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যজীবী প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত তুলে ধরেন।

আরও পড়ুন

×