ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড়িঘরে হামলা-ভাঙচুর

বাড়িঘরে হামলা-ভাঙচুর
×

 কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা গণতান্ত্রিক মুক্তিজোটের সভাপতি অ্যাডভোকেট কাজী নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় পরিবারের চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন– কাজী নূরে আলম সিদ্দিকীর ভাই কাজী মামুন, কাজী আবু জাফর, কাজী আবু নোমান, খোন্দকার বিল্লাল হোসেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাকৈরতলা বাজারে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাইদের সঙ্গে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত স্থানীয় বিএনপি নেতা আমান উল্লাহ, ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ও সাইফুল ইসলামের কথাকাটাকাটি হয়। এর জের ধরেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারভেজ মজুমদারের নেতৃত্বে অর্ধশত লোক মিছিল নিয়ে গিয়ে নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা চালায়। পরিবারের লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তিজোটের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট কাজী নূরে আলম ছিদ্দিকী। তিনি বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। একজন দ্বৈত নাগরিক হওয়ায় তাঁর মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে রিট আবেদন করেন তিনি। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে। আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁর সমর্থকরা ক্ষুব্ধ ছিল। এর জের ধরে এই হামলা চালিয়েছে।
হামলার ঘটনায় অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাই আবু নোমান বাদী হয়ে গতকাল ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ও বিএনপি নেতা আমান উল্যাহসহ ১২ জনের নামে মামলা করেছেন। 
আহত কাজী আবু নোমান জানান, হামলাকারীরা  আসবাব ভাঙচুর করেছে। এ সময় নগদ দুই লাখ ৪০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। 
অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা পারভেজ মজুমদার। তিনি বলেন, ‘কারা হামলা করেছে জানি না। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে হামলার কথা শুনেছি।’
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×