চাঁদপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ২৩:০৬
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো- ইয়াসিন (৮) ও রাসেল হোসেন (৫)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীরা জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই ভাই। এ সময় তাদের মা শাহীনা বেগম কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের কোনো সাড়া না পেয়ে তিনি পানিতে খুঁজতে শুরু করেন। এসময় স্থানীয়রা এসে পানি থেকে দুই ভাইকে উদ্ধার করে। পরে তাদেরকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল বাশার বলেন, আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদ্রাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। খবর পাই- আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।
খবর পেয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ও ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
- বিষয় :
- শিশু
- পুকুরে ডুবে মৃত্যু
- চাঁদপুর
