ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটে কারচুপি ও কেন্দ্র দখলের দিন শেষ: ইসি সানাউল্লাহ

ভোটে কারচুপি ও কেন্দ্র দখলের দিন শেষ: ইসি সানাউল্লাহ
×

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ। ছবি-সমকাল

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০১:০৪

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এ দেশে আর কোনো দিন ভোটের পরিবেশ নষ্ট হবে না। কারচুপি ও কেন্দ্র দখলের দিন শেষ। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের কোথাও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। লাশ পড়েনি। মানুষ ভোটাধিকার ফিরিয়ে পেয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সবাইকে সতর্ক করে মো. সানাউল্লাহ বলেন, দেশের কোথাও আর কোনো নির্বাচনে কেউ যেন কারচুপি বা দুই নম্বরি ভোটের চিন্তাও না করেন। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনকেও কমিশন সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, অতীতে কিছু প্রিসাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছিল, কেন্দ্রে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেছিল। এ কারণে যাদের আতিথেয়তা গ্রহণ করেছিল, তারাই কেন্দ্র দখল করেছিল, যা কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে মো. সানাউল্লাহ বলেন, এ বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা উদ্বেগজনক। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়ন না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে। এতে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন।

আরও পড়ুন

×