লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০
লক্ষ্মীপুর পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও জুলাইযোদ্ধা ফোর্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ছবি-সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০২:১৯ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ০৭:১১
লক্ষ্মীপুর পৌর শহরে ১৪৪ ধারা অমান্য করে মিছিল করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও জুলাইযোদ্ধা ফোর্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর মডেল থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য এবং সব ধরনের জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফাহিম আহত হন।
এর প্রতিবাদে রোববার বিকেলে উভয় পক্ষ চকবাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিকেল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন, যা সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে।
১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চকবাজার জামে মসজিদের সামনে জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, মিছিলকারীরা আইন অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। এ সময় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এক পর্যায়ে ‘জুলাইযোদ্ধা ফোর্স’-এর ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে যোগ দিলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ ঘটনায় ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া বিভিন্ন পক্ষের নেতাকর্মী ও অন্তত পাঁচ পথচারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ১৪৪ ধারা জারি থাকার পরও একটি পক্ষ আইন অমান্য করে মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ওসিসহ কয়েক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম মুরাদসহ দুজনকে আটক করেছে পুলিশ।
- বিষয় :
- ত্রিমুখী সংঘর্ষ
- পুলিশ
- আহত
- জুলাই যোদ্ধা
