ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাত দিয়ে চলছে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন

হাত দিয়ে চলছে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার মধ্যরাতে হঠাৎ আগুন লাগে গুরুত্বপূর্ণ এ স্থাপনায়। এতে বিমানবন্দরজুড়ে দেখা দেয় আতঙ্ক। আগুনে ইমিগ্রেশন সার্ভার পুড়ে যাওয়ার পর থেকে বিমানবন্দরে যন্ত্র ছাড়া ইমিগ্রেশন, অর্থাৎ হাতে হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। 
জানা গেছে, রোববার রাত সোয়া ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে বিমানবন্দরজুড়ে দেখা দেয় আতঙ্ক। প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে, সোমবার সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চলছে হাত দিয়ে। ইমিগ্রেশন সার্ভার আগুনে পোড়ায় অনেকটা সতর্ক থাকতে হচ্ছে ইমিগ্রেশন পুলিশকে। কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সুরাহা করা হচ্ছে বলে জানা যায়।
এ ব্যাপারে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেটের অধিনায়ক এআরএম আরিফ জানান, তাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ইমিগ্রেশন সার্ভার রুমের এসি, ফ্রিজসহ সব আসবাব পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। 

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটেনি। তবে আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে যন্ত্র ছাড়া কাজ করতে হচ্ছে তাদের। কাজ করতে গিয়ে অনেকটা বিলম্ব হলেও যাত্রীদের সেবা বা ফ্লাইটে কোনো ব্যাঘাত ঘটেনি। সার্ভার রুম পুরোপুরি চালু হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেও তিনি জানান।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, আগুন নেভানোর পর বোঝা যায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের শুরু। তারপরও তদন্ত অব্যাহত আছে।

আরও পড়ুন

×