ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাছতলা ছেড়ে শ্রেণিকক্ষে ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা

গাছতলা ছেড়ে শ্রেণিকক্ষে ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা
×

ইউএনওর হস্তক্ষেপে আমবাড়ী ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের তালা খুলে দেওয়ায় ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ২০:২৩

কুড়িগ্রামের রৌমারীতে নিয়োগসংক্রান্ত বিরোধের জেরে তালাবদ্ধ থাকা আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের হস্তক্ষেপে সোমবার বিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দেওয়া হয়। দীর্ঘ এক মাস পর প্রিয় প্রাঙ্গণে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে দুই শতাধিক শিক্ষার্থী।

২০১৯ সাল থেকে পরিচালিত এই বিদ্যালয়ে বর্তমানে ২০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। জমিদাতার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়াকে কেন্দ্র করে গত ৫ মার্চ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সোহেল রানা ও মাসুদ রানা নামে দুই ব্যক্তি। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে শিক্ষার্থীরা এক মাস ধরে আমগাছ, জামগাছতলা কিংবা মানুষের বাড়িতে ক্লাস করতে বাধ্য হয়েছে। ২ এপ্রিল এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

বিদ্যালয় খোলার খবরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিটন মিয়া এবং চতুর্থ শ্রেণির ইসরাত জাহান ঐশীসহ অন্যরা জানায়, এক মাস পর গাছতলা ছেড়ে নিজেদের শ্রেণিকক্ষে বসতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। চরাঞ্চলে বিকল্প কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় থাকা অভিভাবকরাও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। এর আগে গত বুধবার বিদ্যালয়ের তালা খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন এলাকাবাসী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু জানান, অভিযুক্তরা তাদের দাবি অনুযায়ী নিয়োগ না পেয়ে বেআইনিভাবে তালা ঝুলিয়ে দিয়েছিল। ইউএনওর হস্তক্ষেপে সোমবার তালা খুলে শিক্ষা কার্যক্রম ফের সচল করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন এ বিষয়ে বলেন, ‘বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলানোর অভিযোগ পাওয়ার পরপরই আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। বর্তমানে জটিলতা নিরসন করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দেওয়া হয়েছে।’


 

আরও পড়ুন

×