কোটি টাকার জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৬:১৬ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১৬:৩১
রংপুরের পীরগঞ্জে আদালতের স্থিতাবস্থা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মাসুম আকন্দের বিরুদ্ধে। এই অবৈধ দখলে সহযোগিতা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলামের বিরুদ্ধে বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মণ্ডল জানান, ওসমানপুর মৌজায় ১০৯১ দাগে ২২.৫ শতক জমি ১৯৮৭ ও ১৯৯৪ সালের দুটি রেজিস্ট্রি করা দলিল মূলে মৃত তসলিম উদ্দিন মণ্ডল ক্রয় করেন। ৩৯ বছর ধরে এই জমি ভোগদখল ও খাজনা-খারিজ/// পরিশোধ করে আসছেন। চার লেনের জন্য ৪ শতক জমি অধিগ্রহণ করা হলে তার অর্থ উত্তোলনের সময় মাসুম আকন্দ গংরা মিথ্যা আপত্তি দাখিল করেন। ডিসি অফিস সেই আপত্তি খারিজ করে তসলিম উদ্দিনের ওয়ারিশদের নামে চেক ইস্যু করে।
এরই জেরে গত বছর ১৩ ফেব্রুয়ারি মাসুম আকন্দ জোর করে জমিটি দখলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পীরগঞ্জ থানা কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগীরা আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনেও জমিটি তসলিম উদ্দিনের ওয়ারিশদের বলে উল্লেখ করা হয় এবং প্রতিপক্ষকে ‘দাঙ্গাবাজ ভূমিদস্যু’ হিসেবে চিহ্নিত করা হয়।
গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে আদালত প্রতিপক্ষ মাসুম আকন্দ গংদের নালিশি জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করে আদেশ বাস্তবায়নের জন্য পীরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলাম আদালতের নির্দেশ বাস্তবায়ন না করে উল্টো আপস-মীমাংসার নামে সময়ক্ষেপণ করেছেন। এই সুযোগে প্রতিপক্ষ জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে শক্ত অবস্থান নিয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ওসি (তদন্ত) ভূমিদস্যুদের সহযোগিতা করেছেন।
ভুক্তভোগী পরিবারটি পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের আত্মীয় হওয়া সত্ত্বেও বিএনপি সরকারের বর্তমান সময়ে জমিরক্ষায় পুলিশের সহায়তা না পাওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি স্থানীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন এবং জামায়াত নেতৃবৃন্দ এ বিষয়ে পদক্ষেপ নিতে বললেও ওসি (তদন্ত) তা আমলে নেননি বলে অভিযোগ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ সোনা, পৌর বিএনপি নেতা আব্দুল করিম সরকার, পৌর যুবদল নেতা একরামুল হক প্রমুখ। বক্তারা অবিলম্বে ভূমিদস্যু মাসুম আকন্দের দখল উচ্ছেদ এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ প্রসঙ্গে কথা বলতে অভিযুক্ত মাসুম আকন্দের ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে। ওসি (তদন্ত) নাহিদ ইসলামকেও একাধিকবার ফোন দেওয়া হয়। তিনিও রিসিভ করেননি।
- বিষয় :
- রংপুর
- পীরগঞ্জ
- জমি দখল
- যুবলীগ নেতা
