ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিটিয়ে চিকিৎসা করাননি স্বামী, প্রাণ গেলো তরুণীর

পিটিয়ে চিকিৎসা করাননি স্বামী, প্রাণ গেলো তরুণীর
×

প্রতীকী ছবি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২১:২১

বরিশালের বানারীপাড়ায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারিয়া আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, যৌতুকের টাকাসহ নানা কারণে মারিয়াকে তাঁর স্বামী বেধড়ক মারধর করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 

মারিয়া সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা চা দোকানি কবির হাওলাদারের মেয়ে। তাঁর সঙ্গে প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রবিউল মৃধার বিয়ে হয়। এ দম্পতির দুই বছরের মেয়ে আছে। তারা ঢাকার নন্দীপাড়া ছোট বটতলা এলাকার ভাড়া বাসায় থাকেন। রবিউল পেশায় হিউম্যান হলার (লেগুনা) চালক। 

কবির হাওলাদারের অভিযোগ করেন, যৌতুকের টাকা ও বিয়ের সময়ে প্রতিশ্রুত সোনার কানের দুল দিতে না পারায় রবিউল দীর্ঘদিন ধরে মারিয়াকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। মাদক সেবনে বাধা দিলেও পেটাতো। রোজার মাসে রবিউল বাবার বাড়ি থেকে ১৫ হাজার টাকা এনে দিতে বলে মারিয়াকে। এতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। 

এসব ঘটনার জের ধরে ৪ এপ্রিল মারিয়াকে অমানবিকভাবে মারধর করে রবিউল মৃধা। কিন্তু চিকিৎসাও করা হয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রাখা হয়। অসুস্থতার কারণে রান্না করতে না পারায় দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়। খবর পেয়ে তাঁর মা হাফিজা বেগম ঢাকায় গিয়ে বুধবার বেলা ১১টার দিকে গুরুতর অবস্থায় মারিয়াকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই অবস্থার অবনতি হয়। সাড়ে ১১টার দিকে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করেছেন তারা। ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

×