লিবিয়ায় ৫০ লাখ টাকা দিয়েও প্রাণ রক্ষা হয়নি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৩৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশে বাড়ি ছেড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে আহাজারিতে ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।
এদিকে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালালচক্র। এ ঘটনায় দালালের কঠোর শাস্তিসহ লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
জানা যায়, দেশে কৃষিকাজ করে সংসার চালাতেন মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের শামচু আকনের ছেলে জহুরুল ইসলাম (৩৪)। পার্শ্ববর্তী ধুলুগ্রাম এলাকার মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বরের খপ্পরে পড়ে পাঁচ মাস আগে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন জহিরুল। সৌদি আরব হয়ে পৌঁছান লিবিয়ায়। এরপর তাঁকে লিবিয়ায় নিয়ে ডাসার উপজেলার বীর মোহন বিদ্যালয় এলাকার তারেক মণ্ডলের একটি বন্দিশালায় আটকে রেখে চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি নেওয়ার কথা থাকলেও মুক্তিপণের জন্য আরও নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। দালালের বিচার ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। স্থানীয়রা জানায়, এভাবে অনেক যুবক ওই দালালের খপ্পরে পড়ে সব হারিয়েছে।
গত সোমবার মৃত্যুর খবর পান জানিয়ে নিহত জহিরুলের স্ত্রী সাথী আক্তার জানান, উলঙ্গ করে শুইয়ে রেখে একের পর এক লাঠির আঘাত করা হতো তাঁর স্বামীকে। জীবন বাঁচাতে আকুতি-মিনতি করেও লাভ হতো না। আর এই ভিডিও পাঠিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানব পাচারকারী চক্রটি। টাকাও গেল, তার প্রাণটাও গেল।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, ভুক্তভোগী পরিবার মামলা করলে দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া লাশ দেশে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে।
- বিষয় :
- মাদারীপুর
- লিবিয়া
- ইতালি
- ভূমধ্যসাগর
- নিহত
